স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ‘ডামি নির্বাচন’ আয়োজন করা হয়েছিল। তবে ছাত্র-জনতার আন্দোলনের মুখে সেই পরিস্থিতির অবসান ঘটেছে এবং এখন বাংলাদেশ জনগণের রায়ের ভিত্তিতেই পরিচালিত হবে।
বরিশালে সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “এখন এই বাংলাদেশ জনগণের বাংলাদেশ। আগামী ১২ তারিখে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে, যারা জনগণের কাছে জবাবদিহি করে দেশ পরিচালনা করবে।”
তারেক রহমান অভিযোগ করেন, ৫ আগস্টের পর স্বৈরাচারী আচরণের অবসান হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু বাস্তবে রাজনৈতিক অঙ্গনে এখনও অবমাননাকর ভাষা ও অসৌজন্যমূলক আচরণ দেখা যাচ্ছে।
তিনি একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বলেন, জনগণ যাদের ‘গুপ্ত’ পরিচয়ে চেনে, তারা নতুন করে জালেমের ভূমিকায় আবির্ভূত হয়েছে। তার দাবি, ওই দলের এক নেতা সম্প্রতি নারীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন।
বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের কৃষি, শিল্প ও বিশেষ করে গার্মেন্ট খাতে নারীদের অবদান অপরিসীম। গ্রাম থেকে শহর পর্যন্ত নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন।
তিনি বলেন, “যে দল বা নেতা দেশের মা-বোনদের প্রতি সম্মান দেখাতে পারে না, তাদের কাছ থেকে দেশের অগ্রগতি বা মর্যাদাপূর্ণ আচরণ আশা করা যায় না।”
সমাবেশে তিনি গণতন্ত্র, জবাবদিহি ও নাগরিক মর্যাদা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।





