স্টাফ রিপোর্টার:১০ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
ভোটারদের নগদ টাকা বিতরণ, ব্যালটে সিল মারার সিল তৈরি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, এসব বিষয় নির্বাচনকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে এবং নির্বাচন কমিশনকে আরও কঠোর নজরদারি করতে হবে।
তিনি জানান, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় এসব অভিযোগ তুলে ধরা হয়েছে। কমিশন জানিয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়ানো গুজব এবং অনিয়মের খবর গুরুত্বসহকারে খতিয়ে দেখা দরকার বলেও উল্লেখ করেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের আগেই অনেক অনিয়মের চেষ্টা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সক্রিয় থেকে এসব প্রতিরোধ করতে হবে। কেউ যেন এমন আচরণ না করেন যাতে মনে হয় প্রশাসন বা কোনো পক্ষ বিশেষ কোনো দল বা প্রার্থীর পক্ষে কাজ করছে।
তিনি আরও বলেন, নির্বাচনের দিন যদি কারও বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এতে একটি ভালো দৃষ্টান্ত স্থাপন হবে এবং সবার মধ্যে আস্থা তৈরি হবে।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত এমন পরিস্থিতি তৈরি হয়নি যাতে নির্বাচন বাধাগ্রস্ত হবে বলে মনে হয়। সকল অংশগ্রহণকারীই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





