ভোটের পরিবেশ সন্তোষজনক, ধানের শীষের জয়ের প্রত্যাশা: সালাউদ্দিন আহমেদ

দীর্ঘ আন্দোলনের পর উৎসবমুখর নির্বাচনের আশা; সংসদে শক্তিশালী বিরোধী দল থাকারও ওপর জোর

স্টাফ রিপোর্টার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

আগামীকালের বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, দীর্ঘ ১৬ থেকে ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের পর দেশ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে জনগণ অবাধ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে।

তার মতে, জনগণ যে ধরনের নির্বাচনী পরিবেশ প্রত্যাশা করেছিল, সেটি মোটামুটি বজায় রয়েছে। বিচ্ছিন্ন কিছু তর্ক-বিতর্ক ও ছোটখাটো সংঘর্ষ ছাড়া সামগ্রিক পরিস্থিতি সন্তোষজনক। নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাও ইতিবাচক বলে তিনি উল্লেখ করেন।

সালাউদ্দিন আহমেদ বলেন, এবার জনগণই ভোটের বাক্স পাহারা দেবে। ভোটারদের মধ্যে আগ্রহ স্পষ্ট, যা অতীতের তুলনায় ভিন্ন চিত্র তুলে ধরছে। আগে অনেকেই ভোটকেন্দ্রে যেতেন না, কারণ তারা ভোট দিতে পারতেন না। এখন ভোটের পরিবেশ ফিরে আসায় মানুষ আবার ভোটমুখী হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভোটের দিন সকালে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যাবে, যা সাম্প্রতিক সময়ে বিরল ঘটনা হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের পর জাতির সামনে এখন একটি বড় লক্ষ্য—শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন। এমন একটি রাষ্ট্র যেখানে সাংবিধানিক অধিকার, মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত হবে এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে।

নিজ নির্বাচনী এলাকা সহ সারা দেশে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বিপুল ভোটে বিএনপির প্রার্থীরা জয়ী হবেন বলে তাদের প্রত্যাশা। পাশাপাশি তিনি সংসদে একটি শক্তিশালী বিরোধী দল থাকার গুরুত্বও তুলে ধরেন। তার মতে, কার্যকর বিরোধী দল ছাড়া সুশাসন ও গণতান্ত্রিক ভারসাম্য নিশ্চিত করা সম্ভব নয়।