স্টাফ রিপোর্টার,১৫ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
আগামী মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রোববার সাংবাদিকদের তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হবে। বর্তমান প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এই শপথ পরিচালনা করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি পরে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে।
আইন উপদেষ্টা বলেন, সংসদ সদস্যদের শপথের পর বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে।
মন্ত্রিসভার শপথ প্রসঙ্গে তিনি জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী বঙ্গভবনে এই আয়োজন হওয়ার কথা থাকলেও এবার তা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় (সাউথ প্লাজা) বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। বিএনপি এ বিষয়ে তাদের অভিপ্রায় জানিয়েছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত জানা অনুযায়ী রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
দক্ষিণ প্লাজাকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে ড. আসিফ নজরুল বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, জুলাই ঘোষণা ও জুলাই সনদের মতো ঐতিহাসিক ঘটনাগুলোর সঙ্গে সংসদ ভবন প্রাঙ্গণ ও দক্ষিণ প্লাজা জড়িয়ে আছে। এছাড়া প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ ওসমান হাদির জানাজাসহ নানা কারণে স্থানটি স্মৃতিবিজড়িত এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তা বিশেষ তাৎপর্য বহন করে।
শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বিষয়ে তিনি জানান, কনভেনশন অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ আমন্ত্রণের বিষয়টি দেখছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বিদেশি কোনো প্রধানমন্ত্রী আমন্ত্রিত কি না, সে বিষয়ে তিনি অবগত নন।





