মধ্যপ্রাচ্য থেকে মার্কিন নাগরিকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ

ইরান-ইসরাইল সংঘাতের কারণে যুক্তরাষ্ট্র ১৪টি দেশে জরুরি সতর্কতা জারি করেছে

স্টাফ রিপোর্টার, ০৩ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি

ওয়াশিংটন, সোমবার: ইরান-ইসরাইল সংঘাতের জেরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের একটি বড় অংশ থেকে নিজ দেশের নাগরিকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর আজ এই জরুরি সতর্কতা জারি করেছে।

পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, ‘নিরাপত্তা ঝুঁকির কারণে তালিকাভুক্ত দেশগুলো থেকে মার্কিন নাগরিকদের এখনই চলে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।’ তিনি মোট ১৪টি দেশের নাম প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্র বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে নাগরিকদের ফিরে আসার পরামর্শ দিচ্ছে। তবে যুদ্ধের কারণে ওই অঞ্চলের আকাশপথে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে মার্কিন সরকার নিজস্ব কোনো উদ্ধার অভিযান বা বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেনি।

শনিবার ইরান ও ইসরাইলের মধ্যে হামলা-পাল্টা হামলার পর এই অস্থিরতা শুরু হয়। সতর্কতার আওতায় রয়েছে মিশরের মতো জনবহুল দেশ এবং পারস্য উপসাগরীয় রাজতন্ত্রশাসিত দেশগুলো, যেখানে মার্কিন ঘাঁটি রয়েছে। পররাষ্ট্র দপ্তরের তালিকায় ইসরাইল, ফিলিস্তিন ভূখণ্ড, ইরাক, জর্ডান, লেবানন ও সিরিয়ার নামও রয়েছে। যুদ্ধের প্রত্যক্ষ প্রভাবে থাকা এসব দেশ থেকেও মার্কিন নাগরিকদের দ্রুত সরে যেতে বলা হয়েছে।