স্টাফ রিপোর্টার | ২৬ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে দেশে উদ্ভূত জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন।
আজ রোববার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম।
প্রস্তাব উত্থাপনকালে চিফ হুইপ বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহে বড় ধরনের সংকট সৃষ্টি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় করণীয় নির্ধারণে সংসদে ঐকমত্যের ভিত্তিতে বিরোধী দলের প্রস্তাব অনুযায়ী সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনে সম্মত হয়েছেন।
তিনি আরও জানান, কমিটিতে সরকার ও বিরোধী দল থেকে সমান সংখ্যক সদস্য রাখা হয়েছে। সংসদ নেতা সরকারদলীয় পাঁচ সদস্যের নাম প্রস্তাব করেন এবং বিরোধীদলের নেতা পাঁচজন সদস্যের নাম প্রস্তাব করেন। কার্যপ্রণালী-বিধির ২৬৬ বিধি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে সদস্যদের নাম উপস্থাপন করা হয়।
কমিটির সভাপতি করা হয়েছে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ-কে। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিভিন্ন আসনের সংসদ সদস্যরা।
চিফ হুইপ সদস্যদের নাম প্রস্তাবের পর স্পিকার বিষয়টি ভোটে দেন এবং সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
কমিটির কার্যপরিধি সম্পর্কে জানানো হয়, জ্বালানি সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করে ৩০ দিনের মধ্যে সংসদে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করবে কমিটি।





