স্টাফ রিপোর্টার | ১৭ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
দলের গঠনতন্ত্র অনুযায়ী মনোনয়ন বোর্ডই নারী সংসদ সদস্যদের (এমপি) চূড়ান্ত তালিকা নির্ধারণ করবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বোর্ডের সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান এবং সদস্য হিসেবে থাকেন জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। তারাই বসে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে প্রার্থীদের মূল্যায়ন করবেন।
রিজভী বলেন, দীর্ঘ ১৫-১৭ বছরের কঠিন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান গণতান্ত্রিক অবস্থানে পৌঁছেছে দেশ। গণতন্ত্রকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হলে সেই আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, বিশেষ করে নারী নেত্রীদের অবদান যথাযথভাবে বিবেচনায় নিতে হবে।
তিনি উল্লেখ করেন, বিগত বছরগুলোতে বহু নারী নেত্রী মিথ্যা মামলার শিকার হয়েছেন, নির্যাতনের মুখে পড়েছেন, এমনকি অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং সন্তানদেরও হয়রানির শিকার হতে হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক আদর্শ ধারণ করার কারণেই তারা এসব সহ্য করেছেন বলে দাবি করেন তিনি।
রিজভী আরও বলেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে শুধু আন্দোলনের ভূমিকা নয়, সংসদে কার্যকরভাবে কথা বলার সক্ষমতা, আইন প্রণয়নের জ্ঞান ও শিক্ষাগত যোগ্যতাও গুরুত্ব পাবে। সবকিছু বিবেচনা করেই মনোনয়ন বোর্ড নারী এমপিদের নাম চূড়ান্ত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি জানান, আজ রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। আগামীকাল ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। মোট প্রায় ৪০০ জনের মতো প্রার্থী এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে, যদিও সঠিক সংখ্যা কিছুটা কমবেশি হতে পারে।





