মন্ত্রিপরিষদ নিয়ে কিছু জানি না, সামনে বড় চ্যালেঞ্জ: আমির খসরু

অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে সংকট মোকাবেলায় ঐক্যের আহ্বান

স্টাফ রিপোর্টার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ |নিউজ চ্যানেল বিডি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মন্ত্রিপরিষদ গঠন বা মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়ে তিনি অবগত নন। এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মন্ত্রিপরিষদ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে আমি কিছু জানি না। মন্ত্রণালয় সংক্রান্ত কোনো তথ্য আমার কাছে নেই।”

দেশ পরিচালনায় আগামী সরকারের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে আমির খসরু বলেন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে সংকট বিদ্যমান। অনেক প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে। এসব বাস্তবতা মাথায় রেখে কাজ করতে হবে।

তিনি বলেন, জনগণ যে আস্থা রেখেছে, সেটি অনেক বড় দায়িত্ব। সেই আস্থার প্রতি সম্মান রেখে ঐক্যবদ্ধভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।

বিরোধী দলের আচরণ প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক দেশে বিরোধী দলের ভূমিকা কী হবে, তা সংবিধান ও রাজনৈতিক সংস্কৃতিতেই স্পষ্ট রয়েছে। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবারই দায়িত্বশীল আচরণ করা উচিত।