মন্ত্রিসভার বৈঠকে ৫ এজেন্ডা অনুমোদন

পূর্বাচলকে ঢাকা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তিসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত


স্টাফ রিপোর্টার | ২৩ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে বিভিন্ন প্রশাসনিক কাঠামোর সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে—পূর্বাচলকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা ওয়াসা-এর আওতায় অন্তর্ভুক্ত করা। পাশাপাশি নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রকল্পভুক্ত অংশকে ঢাকা জেলায় অন্তর্ভুক্তির প্রস্তাবও অনুমোদন পায়।

এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ‘জাতীয় চা দিবস’-এর তারিখ সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান ও কমিশনারদের বয়সসংক্রান্ত আইন থেকে একটি শর্ত বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয়। একইসঙ্গে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান ও সদস্যদের বয়সসংক্রান্ত বিধান থেকেও একটি ধারা বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া “The Members of Parliament (Remuneration and Allowances) (Amendment) Act, 2026”-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৈঠকে গৃহীত এসব সিদ্ধান্ত প্রশাসনিক কাঠামো, আর্থিক খাত এবং আইনগত সংস্কারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।