স্টাফ রিপোর্টার | ৯ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশের উন্নয়নের চিত্র সাধারণ মানুষের দৃষ্টিতে তুলে ধরতে দেশব্যাপী ‘মাই বাংলাদেশ, মাই ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি জাতীয় পর্যায়ের আলোকচিত্র প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে জাইকা বাংলাদেশ। আলোকচিত্রীসহ সমাজের বিভিন্ন স্তরের বাংলাদেশি নাগরিককে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
দেশের বিভিন্ন প্রান্তে মানুষ দৈনন্দিন যে অগ্রগতি ও উন্নয়ন প্রত্যক্ষ করছে, সেগুলোকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা এবং সেই উন্নয়নগাঁথার গল্প সবার সামনে উপস্থাপন করাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতাটি আগামী ২০ জানুয়ারি পর্যন্ত উন্মুক্ত থাকবে। অংশগ্রহণকারীদের স্মার্টফোন অথবা পেশাদার ক্যামেরায় তোলা একটি মৌলিক আলোকচিত্র জমা দিতে হবে।
নির্দেশনা অনুযায়ী, আলোকচিত্রটি অংশগ্রহণকারীর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল (পাবলিক সেটিংসসহ) থেকে #MyBangladeshMyDevelopment এবং #JICABangladesh হ্যাশট্যাগ ব্যবহার করে শেয়ার করতে হবে। একই সঙ্গে নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে ছবিটি জমা দিতে হবে।
গুগল ফর্মে আলোকচিত্রটি কীভাবে বাংলাদেশের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত এবং ধারণকৃত মুহূর্তের পেছনের গল্প কী—তা ব্যাখ্যা করে একটি সংক্ষিপ্ত বিবরণ যুক্ত করতে হবে।
ডাউনলোড করা, নকল (প্লেজারাইজড) অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহার করে তৈরি কোনো কনটেন্ট গ্রহণযোগ্য হবে না।
জাইকা বাংলাদেশের মনোনীত একটি বিচারক প্যানেল জমা পড়া আলোকচিত্রগুলো মূল্যায়ন করবেন। মূল্যায়নের মানদণ্ডের মধ্যে থাকবে থিমের সঙ্গে সামঞ্জস্য, কারিগরি মান, সম্পাদনা, মৌলিকত্ব, গল্প বলার ক্ষমতা, সৃজনশীলতা এবং সামগ্রিক কম্পোজিশন। ফেসবুক পোস্টের রিচও বিচারপ্রক্রিয়ায় বিবেচনায় নেওয়া হবে।
বাছাইকৃত আলোকচিত্রগুলো ডিজিটাল প্রদর্শনীতে উপস্থাপন করা হবে এবং সেরা চারটি আলোকচিত্র নগদ পুরস্কার পাবে। নির্বাচিত কিছু আলোকচিত্র যথাযথ আলোকচিত্রীর নাম উল্লেখসহ জাইকার ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হতে পারে।
অংশগ্রহণকারীদের ছবি তোলার সময় নিজ নিজ নিরাপত্তা নিশ্চিত করা এবং নৈতিক ও আইনগত সীমার মধ্যে থাকার আহ্বান জানিয়েছে জাইকা বাংলাদেশ।





