✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

মাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ

বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকারের উদ্যোগ, প্রস্তাবিত প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর।

স্টাফ রিপোর্টার | ২৩ নভেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করতে চায় প্রতিষ্ঠানটি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসকে গ্রুপের প্রতিনিধিদল মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে তাদের পরিকল্পনা তুলে ধরেন।

প্রতিনিধিদল জানায়, দক্ষিণ কোরিয়ার উলসানের মতো মাতারবাড়ীকেও একটি গুরুত্বপূর্ণ এনার্জি হাবে পরিণত করার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রী তাদের উপস্থাপনা শোনেন এবং বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান।

তিনি বলেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

এ সময় এসকে গ্রুপের প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে। পাশাপাশি বাংলাদেশের বিনিয়োগের সুযোগগুলো কাজে লাগাতে তারা আন্তরিক ও আগ্রহী বলেও জানায়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সংসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য।