সিলেট, ১৯ সেপ্টেম্বর ২০২৫:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, সিলেটের একটি বিশেষ অভিযানে ০৭ লাখ ৫৬ হাজার টাকা মূল্যের মোট ৮০০ (আটশত) বোতল ভারতীয় বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ডিএনসি প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান পরিচালনা করে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৯ সেপ্টেম্বর ভোর ৭টায় কোম্পানীগঞ্জ থানাধীন কোম্পানীগঞ্জ গ্রামে সহকারী পরিচালক জনাব পলাশ পাল এর সার্বিক দিকনির্দেশনায় এবং উপ-পরিদর্শক জনাব মোঃ মামুনার রশীদ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রামবাসী তুয়াব আলী (৪৫) এর বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ করা হয়।
অভিযানে গ্রেফতার হওয়া তুয়াব আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, একই গ্রামের মৃত বাদাই মিয়ার পুত্র কাসাব আলী (৪৫) এর সহযোগিতায় সিলেট শহর ও ঢাকায় পাচারের উদ্দেশ্যে মদগুলো ঘরে মজুত করে রাখা হয়েছিল।
আসামিদের পরিচয়:
১. তুয়াব আলী (৪৫) (গ্রেফতারকৃত), পিতা-মৃত শরীয়ত আলী, মাতা-মৃত বরাতুন নেছা, সাং-কোম্পানীগঞ্জ গ্রাম, পোঃ-কোম্পানীগঞ্জ-৩১৪০, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট।
২. কাসাব আলী (৪৫) (পলাতক), পিতা-মৃত বাদাই মিয়া, সাং-কোম্পানীগঞ্জ গ্রাম (গো খালের পাড়), পোঃ-কোম্পানীগঞ্জ-৩১৪০, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট।
গ্রেফতারকৃত তুয়াব আলীর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ডিএনসি জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





