মায়েদের সম্মান রক্ষা করাই আমাদের অঙ্গীকার, বীরের জাতি গড়তে মায়েদের এগিয়ে আসতে হবে: ড. শফিকুর রহমান

নিখোঁজ ও নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি, সত্য ও ন্যায়ের পক্ষে ঘরে ঘরে আওয়াজ তোলার আহ্বান

স্টাফ রিপোর্টার ২৬ জানুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি

এদেশের মায়েদের গর্ভ থেকেই আগামীর বীরেরা জন্ম নেবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। তিনি বলেন, আল্লাহ যেন এদেশের মায়েদের গর্ভে আরও বেশি করে আবরার ফাহাদ, শরিফ, উসমান ইবনে হাদি ও আবু সাঈদের মতো বীর সন্তান দান করেন। যখন মায়েরা সন্তান নয়, বীরের জন্ম দেবেন, তখনই বাংলাদেশ হবে বীরের জাতির দেশ।

ড. শফিকুর রহমান বলেন, আজ মায়েরা ন্যায়, সত্য, মানবতা ও আল্লাহর দ্বীনের পক্ষে ঘরে ঘরে আওয়াজ তুলছেন। কিন্তু একটি মহল এটি সহ্য করতে না পেরে মায়েদের বিরক্ত করছে, অপমান করছে এবং কোথাও কোথাও শারীরিকভাবে লাঞ্ছিতও করছে। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, “যারা মায়েদের অপমান করে, তারা যেন মনে রাখে তারাও মায়ের গর্ভ থেকেই দুনিয়ায় এসেছে। মাকে সম্মান করতে শিখলে আল্লাহ নিজেই সম্মান দান করেন। যে জাতি মায়েদের সম্মান করতে পারে না, অপমান তাদের জন্য অবধারিত।”

মায়েদের সম্মান রক্ষায় যেকোনো মূল্যে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, অতীতে অসংখ্য মায়ের বুক থেকে সন্তানদের তুলে নিয়ে বছরের পর বছর গুম করে রাখা হয়েছে। অনেককে জীবিত, অনেককে লাশ হিসেবে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে এখনো কিছু মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের ভাগ্য অনিশ্চিত।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ এখনো অন্তত আটজন নিখোঁজ রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এসব পরিবারের কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। কেউ জানে না তার প্রিয়জন বেঁচে আছে কি না, আর বেঁচে না থাকলে অন্তত কবরের মাটি ছুঁয়ে দেখার আকুতি জানায় পরিবারগুলো।

ড. শফিকুর রহমান বলেন, “হে আল্লাহ, তুমি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান। এই মজলুম পরিবারগুলোকে আমরা তোমার হেফাজতে সোপর্দ করলাম। তুমি নিজেই তাদের অভিভাবক হও, নিরাপত্তা দাও এবং সম্মানের সাথে বাঁচার তৌফিক দাও।”

তিনি আরও অভিযোগ করেন, এ অঞ্চলে নারী ও বোনদের দফায় দফায় গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে অপমান ও নির্যাতন করা হয়েছে। এসব ঘটনার অবসান ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।