মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা

কুয়ালালামপুরে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ, আজ আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক

স্টাফ রিপোর্টার | ২১ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

কুয়ালালামপুর: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Anwar Ibrahim-এর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

রোববার স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট কুয়ালালামপুরের বুঙ্গা রায়া কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিভিআইপি টার্মিনালে অবতরণ করে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান।

লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি প্রধানমন্ত্রীকে সুসজ্জিত বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনারের সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়।

ভিভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তাঁর সহধর্মিণী। এ সময় ছোট্ট শিশু মাইসা নুর আইশা ফুল দিয়ে জুবাইদা রহমানকে শুভেচ্ছা জানায়।

অভ্যর্থনা অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী এবং ডেপুটি হাইকমিশনার সাহানারা মনিকাও উপস্থিত ছিলেন।

পরে বিমানবন্দর থেকে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ও সফরসঙ্গীরা এই হোটেলেই অবস্থান করবেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাংগ্রি-লা হোটেল পর্যন্ত প্রায় ৫০ মিনিটের সড়কপথ বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা দিয়ে সজ্জিত করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম মালয়েশিয়া সফর।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা একেএম শামসুল ইসলাম।

এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

সরকার গঠনের পরপরই গত ১৭ ফেব্রুয়ারি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর এ আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর অনুষ্ঠিত হচ্ছে।

দক্ষিণ এশিয়ায় চীন ও ভারতের পর বাংলাদেশ মালয়েশিয়ার অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। তবে দ্বিপক্ষীয় বাণিজ্যে এখনো মালয়েশিয়া এগিয়ে রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যেই প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার সকালে পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানাবেন আনোয়ার ইব্রাহিম। এরপর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। পরে উভয় দেশের সরকারপ্রধানের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

সফরের অংশ হিসেবে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনেও অংশ নেবেন। এছাড়া পর্যটন ও সংস্কৃতি বিষয়ে সহযোগিতা জোরদারে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।