স্টাফ রিপোর্টার | ২২ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
কুয়ালালামপুর: প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন।
আজ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনের পঞ্চম তলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
একান্ত বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
একান্ত বৈঠকের পর দুই দেশের উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম উপস্থিত থাকবেন।
পররাষ্ট্র সচিব জানান, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জন-যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হবে।
দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা।
এ সময় মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় গান পরিবেশনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করবেন।





