মির্জা ফখরুলের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন দুঃখজনক

ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় দেওয়া বক্তব্য ভুলভাবে প্রচারের প্রতিবাদে বিএনপি মহাসচিবের স্পষ্টীকরণ

Posted by:

on

ঢাকা, ১১ নভেম্বর ২০২৫ঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁর ঠাকুরগাঁওয়ে দেওয়া বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

আজ বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “আজ ১১ নভেম্বর ২০২৫, বিকেলে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দেওয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে—যা অত্যন্ত দুঃখজনক।”

বিবৃতিতে তিনি আরও বলেন, “আমি আমার বক্তব্যে বলেছি যে, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার দেওয়া বক্তব্যে আরও বলেছি যে, এই ইউনিয়ন থেকে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেবো। কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি।”

বিএনপি মহাসচিব দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হতে।

বিবৃতিটি দলের সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মোঃ তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো হয়।