স্টাফ রিপোর্টার | ১০ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
রাজধানীর মোহাম্মদপুরে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে নয় জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আসামিপক্ষের দায়মুক্তির আবেদন খারিজ করে এ আদেশ দেন। একইসঙ্গে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ জুন দিন ধার্য করা হয়েছে।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, তারেক আবদুল্লাহ, সহিদুল ইসলাম সরদার, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্য প্রসিকিউটররা।
মামলায় গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
অন্যদিকে পলাতক আসামিদের তালিকায় রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা উসকানি, প্ররোচনা এবং প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নিরীহ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণে জড়িত ছিলেন। তাদের নির্দেশনা ও সহায়তায় মোহাম্মদপুর এলাকায় সংঘটিত হামলায় মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ নয় জন নিহত হন।
আদালত সূত্র জানায়, তদন্তে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়ায় অভিযোগ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৮ জুন থেকে আনুষ্ঠানিক সাক্ষ্যগ্রহণ শুরু হলে মামলার বিচারিক কার্যক্রম নতুন ধাপে প্রবেশ করবে।





