দিনাজপুর │ ৮ নভেম্বর ২০২৫ │ নিজস্ব প্রতিবেদক │ নিউজ চ্যানেল বিডি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “যারা আজকে ভোট নিয়ে ষড়যন্ত্র করছে, যারা জনগণকে অধিকার থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে, তারা কোনো অবস্থাতেই কামিয়াবি হবে না।”
শনিবার (৮ নভেম্বর) দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার ২নং ওয়ার্ডে স্থানীয় সুধী সমাজ, শ্রমজীবী, নারীসমাজ ও বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
ভোটের অধিকার আদায়ের আহ্বান
প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ বলেন,
“ভোট নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না। এখানের মা-বোনেরা, ভাইয়েরা শত কষ্টের মধ্যেও সভায় এসেছেন—এটাই প্রমাণ করে এদেশের মানুষ অধিকার আদায়ে ঐক্যবদ্ধ। অধিকারটা হলো— আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাঁকে দেবো। নির্ভয়ে, নির্বিঘ্নে ভোট দিতে কেউ যেন বাধা দিতে না পারে।”
তিনি আরও বলেন,
“আপনার অধিকার আপনাকে আদায় করে নিতে হবে। কেউ স্বেচ্ছায় আপনার অধিকার ফিরিয়ে দেবে না। কেউ কেউ চুরি করতে চাইবে, রাতের আঁধারে বিনা ভোটে প্রতিনিধি সাজতে চাইবে—এটি কোনোভাবেই হতে দেওয়া যাবে না।”
ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্কবার্তা
বিএনপি নেতা বলেন,
“কেউ কেউ ধর্মের নামে রাজনীতি করছে, জনগণকে বিভ্রান্ত করছে। কেউ কেউ বলছে, অমুক মার্কায় সিল দিলে স্বর্গে যাওয়া যাবে, না দিলে নরকে যেতে হবে—এগুলো সম্পূর্ণ বিভ্রান্তিকর কথা।”
তিনি আরও বলেন,
“দোজখ-বেহেশতের মালিক মহান রব্বুল আলআমীন। কিয়ামতের দিনে কোনো রাজনৈতিক দলের সিল কাজে দেবে না। তাই ধর্মকে ধর্মের জায়গায়, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখতে হবে। ঘোড়াঘাটের মানুষ এই বিষয়ে যথেষ্ট সচেতন।”
সংস্কার নিয়ে মন্তব্য
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন,
“আজ যারা সংস্কারের কথা বলেন, তারা বলেন ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে। অথচ বিএনপি বহু আগে ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে। ইতিহাস বিকৃত করবেন না। কারণ ইতিহাস বলে— বিএনপি-ই সংস্কারের দল।”
তিনি স্মরণ করিয়ে দেন,
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, মুক্তবাজার অর্থনীতি চালু করেছিলেন, প্রবাসী কর্মসংস্থান ও গার্মেন্টস শিল্পের সূচনা করেছিলেন। তাই আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ জিয়া—অর্থাৎ বিএনপি।”
সভায় উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে ঘোড়াঘাট পৌর এলাকার বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।





