স্টাফ রিপোর্টার | ২৩ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্য-এ উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রীর দফতরে জেমস গোল্ডম্যান সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।
বৈঠকে মন্ত্রী বাংলাদেশের শিক্ষাখাতসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। বিশেষ করে ব্রিটিশ কাউন্সিল-এর মাধ্যমে দেশে ইংরেজি শিক্ষার উন্নয়নে কার্যকর ভূমিকার প্রশংসা করেন তিনি।
মন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে।
বৈঠকে প্রতিনিধিদল শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে।
এসময় আরও উপস্থিত ছিলেন ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস-এর টিম লিডার মোহাম্মদ গোলাম কিবরিয়া, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, হেড অফ ইংলিশ অ্যান্ড স্কুল এডুকেশন দীপ্তি দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।





