‘রাঙ্গুনিয়ার মানুষের পাশে থেকে প্রতিশ্রুতি পূরণে কাজ করব’ — হুমাম কাদের চৌধুরী

বিজয় ব্যক্তিগত নয়, দলের, তারেক রহমান ও বেগম খালেদার; ভোটারদের সঙ্গে সংযোগ এবং সন্ত্রাসমুক্ত রাঙ্গুনিয়া গড়াই মূল লক্ষ্য

স্টাফ রিপোর্টার | ১৩ই ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

রাঙ্গুনিয়ার সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে হুমাম কাদের চৌধুরী বলেন, তার বাবা এ অঞ্চলে কাজ করেছেন, যার ফলে জনগণের প্রতি ভালোবাসা সবসময় থাকে। তিনি বলেন, “আমার সহধর্মিনী, মা ও বোন সকলেই আমার জন্য পরিশ্রম করেছেন এবং নির্বাচনে ক্যাম্পেইন করেছেন।”

তিনি আরও বলেন, বিগত সময়ে ক্ষমতাসীনরা ভোটারদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চেষ্টা করেনি। আর আমরা ভোটারদের সঙ্গে সংযোগ বাড়ানোর চেষ্টা করেছি, তাই জনগণ সক্রিয়ভাবে ভোট দিতে আগ্রহী ছিলেন।

ইশতেহার বাস্তবায়ন বিষয়ে হুমাম কাদের বলেন, “আমরা যা করতে পারব তা সংক্ষেপে ইশতেহারে রাখা হয়েছে। সম্ভব না এমন কোনও ওয়াদা করা হয়নি। চেষ্টা সবকিছুর জন্যই থাকবে, সফলতা আমি বিশ্বাস করি।”

তিনি বলেন, এই বিজয় শুধুই ব্যক্তিগত নয়; এটি দলের, তারেক রহমানের, বেগম খালেদা জিয়ার এবং জিয়াউর রহমানের। দীর্ঘদিন পরে মানুষ একটি দলের প্রতি আস্থা পুনঃপ্রকাশ করেছে যারা মাঠে ছিল এবং জনগণের পাশে ছিল।

রাঙ্গুনিয়ার মানুষের প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, “আপনাদের ভালোবাসা, সম্মান ও স্নেহের জন্য ধন্যবাদ। দোয়া করবেন যেন আমি আমার ওয়াদাগুলো পূরণ করতে পারি এবং রাঙ্গুনিয়ার মানুষের জন্য কাজ করতে পারি।”