স্টাফ রিপোর্টার, ০৩ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি
ঢাকা, মঙ্গলবার: রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো বিজ্ঞাপন, ব্যানার ও বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন তিনি।
আজ সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সকালে গুলশানের বাসা থেকে বেরিয়ে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত একটি ব্যানার দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন। পরে তা দ্রুত অপসারণ করা হয়।
এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে প্রদর্শিত বিজ্ঞাপনগুলোও সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকদিন আগে বিজয় সরণি দিয়ে যাওয়ার সময় একটি এলইডি স্ক্রিনে প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শিত হতে দেখে তখনও তা অপসারণের নির্দেশ দিয়েছিলেন তিনি।
মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে কার্যালয়ে আসেন। দিনের কর্মসূচির অংশ হিসেবে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক।
অতিরিক্ত প্রেস সচিব জানান, উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার প্রতিরোধ এবং মৎস্যসম্পদ রক্ষায় টহল জোরদার ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও প্রধানমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ভিভিআইপি প্রটোকল ছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচলের ফলে যানবাহনের গতি বেড়েছে।
আতিকুর রহমান রুমন বলেন, আগে রাজধানীতে যানবাহনের স্বাভাবিক গতি ছিল ৪ দশমিক ৫ কিলোমিটার প্রতি ঘণ্টা, যা প্রায় হাঁটার গতির সমান। গত ১৪ দিনের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে তা বেড়ে ৫ দশমিক ৩ কিলোমিটার প্রতি ঘণ্টায় উন্নীত হয়েছে। ভিভিআইপি প্রটোকল কমানো এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলাচলের কারণেই এই উন্নতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রধানমন্ত্রী প্রতিবেদনটি পর্যালোচনা করেছেন।
এছাড়া খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধির খবর পেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অতিরিক্ত প্রেস সচিব জানান, নির্দেশনার পর বাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে।





