স্টাফ রিপোর্টার, ১৮ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসার সাথে জড়িত এক দম্পতিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে উত্তরা সার্কেলের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫টায় দক্ষিণ বাড্ডা থানাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন: ১। মোঃ জহিরুল ইসলাম @ শ্যাপন (৪৫)
২। জান্নাত ফেরদৌস এনি (৩২)
অভিযানকালে আসামিদের হেফাজত থেকে ৬০টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে মোট ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা। একই সঙ্গে মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি Samsung ব্র্যান্ডের মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। তারা গোপনে মাদক সরবরাহ ও বিপণনের মাধ্যমে যুবসমাজকে বিপথগামী করার অপচেষ্টা চালিয়ে আসছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় দক্ষিণ বাড্ডা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, দেশব্যাপী মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
স্বাক্ষরিত/-
জনাব শামীম আহম্মেদ
উপপরিচালক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়, ঢাকা





