স্টাফ রিপোর্টার | ২৫ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে রাজধানীর নিউ ইস্কাটনে অবস্থিত বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী হঠাৎ করেই স্কুলটি পরিদর্শন করেন। এ সময় তিনি শিশু-শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটান এবং তাদের সঙ্গে সরাসরি কথা বলেন।
পরিদর্শনকালে ছোট্ট শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে। কেউ এগিয়ে এসে তাঁর সঙ্গে হাত মেলায়, আবার কেউ অটোগ্রাফ নেওয়ার জন্য ভিড় করে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ক্লাসরুমে ঢুকে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব সম্পর্কে পরামর্শ দেন। শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এ আন্তরিক মেলবন্ধন দেখে শিক্ষকরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
এর আগে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ট্রেনিং কাম ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং বিয়ামের মহাপরিচালক আব্দুল মালেক উপস্থিত ছিলেন।





