রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সচিবালয়ে বৈঠক, সমাধিস্থল সংস্কার ও দুই মন্ত্রীর সঙ্গে আলাদা আলোচনা

স্টাফ রিপোর্টার, ২ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি

রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (সোমবার) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, ঢাকার যানজট নিরসনে কার্যকর পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের মতামত নেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী শাসমুল হকের নেতৃত্বে কয়েকজন বিশেষজ্ঞ এ বৈঠকে অংশ নেন। এ সময় রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এর আগে সকাল ৯টা ১৩ মিনিটে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। আগের দিন রোববারও তিনি সচিবালয়ে অফিস করেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, শেরেবাংলা নগরে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলের সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়েও প্রধানমন্ত্রী স্থপতিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ ছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরাও এসব বৈঠকে উপস্থিত ছিলেন।