রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করার ওপর জোর; স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিতের আহ্বান


স্টাফ রিপোর্টার | ১৯ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে আসা জরুরি।

রোববার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত “দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল” শীর্ষক চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের উচ্চ প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা নিশ্চিত করতে হবে। তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নিজেদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, কেবল আনুষ্ঠানিক কর্মশালা আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; প্রশিক্ষণের সুফল জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে।

সালাহউদ্দিন আহমদ দেশের পরিসংখ্যান ব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্বারোপ করে বলেন, সঠিক তথ্য ছাড়া কার্যকর নীতি প্রণয়ন সম্ভব নয়। তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও রেমিট্যান্স খাতকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃষিনির্ভর শিল্পের বিকাশ এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার জরুরি। পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও সক্রিয় করার বিষয়েও সরকারের ভাবনা রয়েছে।

মন্ত্রী আরও বলেন, সরকারের নীতিমালা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচিত সরকারের নির্বাচনী অঙ্গীকার ও আইনানুগ নির্দেশনা অনুসরণ করে নিয়মের মধ্যে থেকেই সব কার্যক্রম পরিচালনা করতে হবে।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম। স্বাগত বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম।