স্টাফ রিপোর্টার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ফলে চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান তিনি।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আরও বেশি হারে বিনিয়োগের জন্য চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। আঞ্চলিক, কৌশলগত ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রায় নিতে চায় বাংলাদেশ।
মন্ত্রী আরও বলেন, চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার এবং বিভিন্ন বড় প্রকল্পে বিনিয়োগ করেছে। অদূর ভবিষ্যতে এ বিনিয়োগের পরিমাণ আরও বাড়াতে রাষ্ট্রদূতকে অনুরোধ জানান তিনি।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে প্রায় ১০ হাজার চীনা নাগরিক কাজ করছেন। উন্নয়ন ও নিরাপত্তা পরস্পর সম্পর্কযুক্ত উল্লেখ করে তিনি বিনিয়োগ বৃদ্ধির স্বার্থে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জনগণের ম্যান্ডেটে নির্বাচিত বর্তমান সরকারের এক নম্বর অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রাখা।
রাষ্ট্রদূত চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিতব্য ‘ইন্টারন্যাশনাল এ্যালায়েন্স কমব্যাটিং টেলিকম এন্ড সাইবার ফ্রড’ জোটে বাংলাদেশের যোগদানের অনুরোধ করেন। এ সংক্রান্ত প্রস্তাব যথাযথ চ্যানেলে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দু’দেশের মধ্যে ‘প্ল্যান অব অ্যাকশন অন ল এনফোর্সমেন্ট ট্রেইনিং কো-অপারেশন’ সংক্রান্ত সমঝোতা স্মারকের মেয়াদ ২০২৩ সালে শেষ হওয়ায় তা পুনরায় পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সুবিধাজনক সময়ে চীন সফর করবেন বলেও রাষ্ট্রদূতকে অবহিত করেন।
বৈঠকে নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সাইবার অপরাধ দমন, পুলিশ প্রশিক্ষণ, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে চীনা রাষ্ট্রদূত নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং চীন সরকারের জননিরাপত্তা মন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। চলতি বছরের সেপ্টেম্বরে চীন সফরের আমন্ত্রণও জানান তিনি।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ মন্ত্রণালয় ও চীনা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




