রামিসা হত্যার বিচার দ্রুত নিশ্চিত হবে : সমাজকল্যাণমন্ত্রী

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে বলে জানালেন এ জেড এম জাহিদ হোসেন

স্টাফ রিপোর্টার | ২১ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শিশু রামিসা আক্তার হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব-এর আব্দুস সালাম হলে ‘দেশব্যাপী হামের প্রাদুর্ভাব : স্বাস্থ্যকর্মীদের করণীয় এবং জনসচেতনতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “শিশু রামিসা হত্যাকাণ্ড দেশের মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।”

মেডিকেল ও ডেন্টাল কলেজসমূহের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ আয়োজিত এ সেমিনারে তিনি আরও বলেন, সরকার রামিসার শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে এবং তার আত্মার মাগফিরাত কামনা করছে।

তিনি জানান, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে কঠোর অবস্থানে রয়েছে।

সেমিনারে দেশে হামের প্রাদুর্ভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সমাজকল্যাণমন্ত্রী। তিনি বলেন, “বাংলাদেশে ডেঙ্গুর মতো হামও এখন বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। অতীতে হাম থাকলেও বর্তমান সময়ে এর ভয়াবহতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।”

তিনি আরও বলেন, শিশুদের পুষ্টিহীনতা, ভিটামিনের ঘাটতি এবং স্বাস্থ্যসচেতনতার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক। এছাড়া বক্তব্য দেন সরদার মো. সাখাওয়াত হোসেন, অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম, অধ্যাপক ডা. মুসাররাত সুলতানা (সুমী) এবং অধ্যাপক ডা. সুফিয়া খাতুন।