স্টাফ রিপোর্টার | ২৩ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রামিসা হত্যা মামলার আসামির সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যেই নিশ্চিত করা হবে। তিনি বলেন, বর্তমান সরকার শিশু ও নারী নির্যাতনের ঘটনায় কোনো ধরনের ছাড় দেবে না এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানে থাকবে।
শনিবার বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠান-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, “ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের প্রমাণ মিলেছে। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না।”
তিনি আরও বলেন, “রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যেই নিশ্চিত করা হবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যাতে ভবিষ্যতে কেউ শিশু বা নারী নির্যাতনের সাহস না পায়।”
তিনি বলেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি। একই সঙ্গে দেশের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনরুজ্জীবনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
রামিসা হত্যাকাণ্ডের পর গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী পল্লবী এলাকায় রামিসার বাসায় গিয়ে তার বাবা ও বড় বোনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, রোববার বিকেলেই রামিসা হত্যা মামলার চার্জশিট আদালতে জমা দেবে পুলিশ।
ত্রিশালের দরিরামপুরে অবস্থিত নজরুল একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, কবিপৌত্রী খিলখিল কাজীসহ বিভিন্ন বিশিষ্টজন।





