রাষ্ট্রদ্রোহ মামলা: শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৯ ফেব্রুয়ারি

জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ

ফাইল ছবি

স্টাফ রিপোর্টার, ২১ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় অধিকতর অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। ‘জয় বাংলা ব্রিগেড’ নামের একটি জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম এর আদালতে মামলার অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন। এ সময় কারাগারে থাকা একাধিক আসামির আইনজীবীরা অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত অধিকতর অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

আদালত সূত্রে জানা যায়, এই মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে শেখ হাসিনাসহ ২৫৯ জন পলাতক রয়েছেন। অপরদিকে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনসহ ২৭ জন গ্রেফতার হয়ে কারাগারে আটক আছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর একটি অনলাইন প্ল্যাটফর্মের জুম মিটিংয়ে ‘জয় বাংলা ব্রিগেড’ গঠন করা হয়। সেখানে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতায় ফিরিয়ে আনা এবং তা নিশ্চিত করতে “শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ” চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, মোট ৫৭৭ জন অংশগ্রহণকারী দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে ওই মিটিংয়ে অংশ নেন এবং শেখ হাসিনার নির্দেশ পালনে একাগ্রচিত্তে মত প্রকাশ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলম এর হোস্টিংয়ে অনুষ্ঠিত মিটিংয়ে শেখ হাসিনা, হোস্ট, কো-হোস্ট এবং অংশগ্রহণকারী নেতা-কর্মীদের কথোপকথনের ভয়েস রেকর্ড পর্যালোচনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিষয়টি উঠে আসে। সেখানে বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে বাধা দেওয়ার আলোচনা হয় বলেও মামলার নথিতে উল্লেখ রয়েছে।

এ প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ২০২৫ সালের ২৭ মার্চ সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে আদালতে রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেন। পরে সিআরপিসির ১৯৬ ধারায় তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে গত ১৪ আগস্ট শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— সাবিনা আক্তার তুহিন, ড. রাব্বি আলম, কবিরুল ইসলাম, এডভোকেট কামরুল ইসলাম, এলাহী নেওয়াজ মাছুম, জাকির হোসেন জিকু, প্রফেসর তাহেরুজ্জামান, এ কে এম আক্তারুজ্জামান, আজিদা পারভীন পাখি, শাহীন, এডভোকেট এএফএম দিদারুল ইসলাম, মাকসুদুর রহমান, সাবেক এমপি সৈয়দ রুবিনা আক্তার, সাবেক এমপি পংকজ নাথ, লায়লা বানু, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, রিতু আক্তার, নুরুন্নবী নিবির, সাবিনা বেগম ও শরিফুল ইসলাম রমজানসহ আরও অনেকে।