স্টাফ রিপোর্টার | ১১ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ জাতীয় সংসদের কেবিনেট কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি, বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি এবং হুইপ আলহাজ্ব মো. জি কে গউছ এমপি, রকিবুল ইসলাম বকুল এমপি, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি, মো. আখতারুজ্জামান মিয়া এমপি ও এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) এমপি অংশ নেন।
সভায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্র থেকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ।
রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ বিষয়ে সভার কার্যবিবরণী প্রয়োজনীয় সংশোধনসহ চূড়ান্ত করা হয়।
বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিক সহায়তা ও প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার জাতীয় সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৩ ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এ নির্বাচন পরিচালনা করবেন।
সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





