স্টাফ রিপোর্টার | ৫ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান মান্না বলেন, তিনি নিজেকে একা মনে করেন না। সবাইকে সঙ্গে নিয়েই দেশের সামনে থাকা বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে চান তিনি। শত্রুতার রাজনীতি নয়, বরং একটি কর্মসূচির ভিত্তিতে সবাইকে নিয়ে দেশ গড়ার আহ্বান জানান তিনি।
মান্না বলেন, সামনে দেশ গঠনের বড় দায়িত্ব রয়েছে। সে দায়িত্ব পালনে সবার সহযোগিতা প্রয়োজন। ব্যক্তিগত বা দলীয় শত্রুতার দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে একটি সমন্বিত কর্মসূচির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
এ সময় তিনি রাজধানী ঢাকার যানজট নিরসন ও নগর উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ঢাকাকে ভার্টিক্যালভাবে সম্প্রসারণ করতে হবে এবং শহরের চারপাশে একাধিক স্যাটেলাইট টাউন গড়ে তুলতে হবে।
এসব এলাকার সঙ্গে মেট্রোরেল, ট্রাম সিস্টেম বা ছোট মনোরেলের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা যেতে পারে, যাতে নগরের চাপ কমে। পাশাপাশি আলো-বাতাস, চিকিৎসা, বাজার ও অর্থনৈতিক কার্যক্রমসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে।
স্বাস্থ্যখাত প্রসঙ্গে তিনি কানাডা ও যুক্তরাজ্যের উদাহরণ তুলে ধরে বলেন, লন্ডনের এনএইচএসসহ ইউরোপের বিভিন্ন দেশের মতো সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
দেশের অর্থনীতি এগিয়ে নিতে পরিকল্পিত কর্মসূচির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জন্য কৃষি কার্ড ও শ্রমিক কার্ডের মতো উদ্যোগের মাধ্যমে সরাসরি সুবিধা পৌঁছে দেওয়া যেতে পারে।
মান্না বলেন, আগামী দেড় মাসের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং এরপর নতুন সরকার দায়িত্ব নেবে। সবার সহযোগিতার ভিত্তিতে গণতান্ত্রিক পথে দেশ পরিচালিত হলে দেশ গড়ার প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, গঠনমূলক পরামর্শ, অংশগ্রহণ এবং প্রয়োজনে সমালোচনার মাধ্যমেই একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। ভুল ধরিয়ে দেওয়া ও স্বচ্ছ আলোচনার মাধ্যমেই দেশকে সামনে এগিয়ে নিতে চান তিনি।





