স্টাফ রিপোর্টার, ১৯ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
গত ১২ ডিসেম্বর শুক্রবার ছাত্রদলীয় নেতাকর্মীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির নীলনকশা বাস্তবায়নে লিপ্ত হয়েছে। ফ্যাসিবাদ কায়েমের অপচেষ্টার অংশ হিসেবেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর এই নির্মম হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, গণতন্ত্র, ভোট ও নির্বাচনের শত্রুরাই হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে গুরুতর আহত করে। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। দেশ ও জাতিকে ভয়াবহ সংকটে ফেলার লক্ষ্যেই এ ধরনের লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, এসব দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করা ছাড়া কোনো বিকল্প নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় ষড়যন্ত্রকারী দুশমনরা দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে।
শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে তিনি মরহুম শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।





