স্টাফ রিপোর্টার, ২০ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
শহীদ শরীফ ওসমান হাদীর জানাজা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, উসমান হাদী গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য সংগ্রাম করেছেন এবং আজীবন মানুষের অধিকার ও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছেন।
তিনি বলেন, “আমাদের উসমান হাদীর এই শোককে জাতীয় শক্তিতে রূপান্তর করতে হবে। আবেগকে শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণভাবে আমাদের সব কার্যক্রম পরিচালনা করতে হবে।”
সালাউদ্দিন আহমেদ আরও বলেন, দেশীয় ও বিদেশি যেসব চক্র গণতন্ত্র, নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে চায় কিংবা মানুষের কণ্ঠরোধ করতে চায়, তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে। গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করলেই শহীদ হাদীর রক্তদান ও আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব হবে।
এ সময় তিনি বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত ও সুশৃঙ্খল থাকার আহ্বান জানান এবং কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার অনুরোধ করেন। জানাজা শেষে দাফন কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।





