শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান

স্টাফ রিপোর্টার | ১৩ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

চব্বিশের জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা বাজারপাড়া এলাকায় অবস্থিত শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংসদ সদস্য লুৎফর রহমান কাজলসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতের পর প্রধানমন্ত্রী ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। পরে পরিবারের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে নিহত হন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওয়াসিম আকরাম। তিনি কলেজ ছাত্রদলের একজন সদস্য ছিলেন।

ওয়াসিমের বাবা শফিউল আলম। পাঁচ সন্তানের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় সন্তান। তাঁর মৃত্যু বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম আলোচিত ঘটনার মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়।