শহীদ ওসমান হাদির বিচার দ্রুত নিশ্চিত করার আহ্বান নাসির উদ্দিন পাটোয়ারীর

বর্তমান সরকার হাদি হত্যাকাণ্ডের স্পষ্ট রোডম্যাপ দিতে ব্যর্থ, সুষ্ঠু নির্বাচন ও গণভোটে নতুন বাংলাদেশ পুনর্গঠনের দাবি

স্টাফ রিপোর্টার | ১৩ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে বর্তমান সরকার এখনো জাতির সামনে কোনো সুস্পষ্ট বক্তব্য উপস্থাপন করতে পারেনি। তিনি অভিযোগ করেন, সরকার ‘ধরি মাছ না ছুঁই পানি’ নীতিতে চলছে এবং শুধু জানাজার আয়োজন করে জনগণের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করেছে।

তিনি বলেন, “এটাই তাদের পুরোনো কায়দা-কানুন—কিভাবে জনগণের ক্ষোভ শেষ করা যায়। কিন্তু শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার কবে হবে, কীভাবে হবে—এর কোনো স্পষ্ট রোডম্যাপ আজও জাতির সামনে আসে নি।”

নাসির উদ্দিন পাটোয়ারী আরও বলেন, বর্তমান সরকারের অধীনে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থাকলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি নেই। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, “মেরুদণ্ড বিক্রি করবেন না।”

তিনি উল্লেখ করেন, শহীদ ওসমান হাদি বিশ্ববিদ্যালয়ের সন্তান ছিলেন, যিনি ইনসাফের রাজত্বের কথা বলেছিলেন এবং পেশিশক্তি ও কালোটাকার রাজনীতির বিরুদ্ধে সুন্দর রাজনৈতিক ক্যাম্পেইনের মাধ্যমে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “আমি এই আসনে নির্বাচন করছি। আমার প্রথম দায়িত্ব হবে শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করতে সারাদেশে মানুষের কাছে যাওয়া।”

সরকারের প্রতি তিনি আহ্বান জানান, শহীদ ওসমান হাদির বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে এবং এটি যেন সাগর–রুনি হত্যাকাণ্ডের মতো বছরের পর বছর ঝুলে না থাকে।

তিনি সকল রাজনৈতিক দলের প্রতি বলেন, ইনকিলাব মঞ্চের তরুণরা দিনের পর দিন মিছিল করছে, কষ্ট করছে। ‘হাদি হত্যার বিচার চাই’—এই দাবিতে সারাদেশে মানুষের কণ্ঠ উঠেছে। কিন্তু সেই কণ্ঠস্বর সরকারের কানে পৌঁছাচ্ছে না কেন, তা প্রশ্ন তুলেছেন তিনি।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “আমরা দ্রুত শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার চাই। একই সঙ্গে আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন চাই এবং গণভোটে ‘হ্যাঁ’-এর মাধ্যমে নতুন বাংলাদেশ পুনর্গঠন করতে চাই।”

তিনি বলেন, নতুন ব্যবস্থার মাধ্যমে চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্যসহ সব ক্ষেত্রে ন্যায়ভিত্তিক কাঠামো গড়ে তোলা হবে।