স্টাফ রিপোর্টার, ১৮ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (জাসদ) মনে করে, শহিদ শরিফ ওসমান হাদি তাদের সহযোদ্ধা ও ভাই। জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানে সংগঠনের শক্ত অংশীদার হিসেবে তিনি সম্মুখ সারিতে লড়াই করেছেন এবং ওই সময়ে শহিদ হওয়া ১৪২ জন নেতাকর্মীর কাতারেই শহিদ ওসমান হাদি ইনশাল্লাহ স্থান পাবেন বলে মন্তব্য করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার এক বক্তব্যে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, শহিদ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে বাংলাদেশে একটি বিশেষ শ্রেণির তথাকথিত বুদ্ধিজীবী ও অপশক্তি নতুন করে অপরাজনীতি ও অপতৎপরতায় লিপ্ত হওয়ার চেষ্টা করছে। তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পায়তারা করছে এবং ইতোমধ্যে দেশের কয়েকটি সুনামধন্য প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।
তিনি বলেন, এ ধরনের অপতৎপরতা বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার শামিল এবং এটি দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র থেকে আবার পুরনো অগণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্রের অংশ। এসব ষড়যন্ত্র থেকে দেশের মানুষকে সতর্ক থাকতে হবে।
নাসির উদ্দীন নাসির আরও বলেন, গত ১৭ বছর ধরে যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী দেখেছে—যেখানে থাকবে ভোটাধিকার, জনগণের সরকার এবং মানুষের মৌলিক অধিকার—সেই স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামী দিনগুলোতেও দেশের মানুষের পাশে থাকবে।
তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান ইতোমধ্যে শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে ছাত্রদল শহিদ হাদির পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে লড়াই করে শহিদ ওসমান হাদি যে আত্মত্যাগ করেছেন, তা বাংলাদেশের মানুষ ইতিহাসের পাতায় চিরদিন স্মরণ রাখবে।





