স্টাফ রিপোর্টার, ১৩ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পার হলেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি।
শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর যদি আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহু পথ ও মতের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা যায়, তবেই শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়ন সম্ভব হবে।
তারেক রহমান বলেন, “অর্ধশতাব্দী পার হলেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। গণতন্ত্র বারবার মৃত্যুকূপে পতিত হয়েছে। একদলীয় দুঃশাসনের বাতাবরণ সৃষ্টি করে রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ প্রতিহত করা হয়েছে। অনেক রক্ত ঝরলেও মতপ্রকাশ, লেখা ও বলার স্বাধীনতা আজও সংকট থেকে মুক্ত নয়।”
তিনি আরও বলেন, “১৪ ডিসেম্বর মূলত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণের দিন। শহীদ বুদ্ধিজীবীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশবাসীর পাশে দাঁড়িয়েছিলেন। তারা অন্যায়ের প্রতিবাদ করেছেন, স্বাধীনতার পক্ষে কলম ধরেছেন। তাঁদের জীবন ও কর্ম আজও আমাদের অনুপ্রাণিত করে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের বুদ্ধিজীবীদের হত্যা ছিল বাংলাদেশকে মেধাশূন্য করার গভীর চক্রান্ত। স্বাধীনতার বিজয়কে বাধাগ্রস্ত করাই ছিল এর মূল উদ্দেশ্য। বিজয়ের দ্বারপ্রান্তে দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মম হত্যাকাণ্ড আজও জাতিকে গভীর বেদনায় আচ্ছন্ন করে রাখে।
তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীরা যে আদর্শ রেখে গেছেন—জ্ঞান-বিজ্ঞান, মুক্ত চিন্তা, ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সম্প্রীতির চেতনা—তা আজও একটি উন্নত ও প্রগতিশীল দেশ গড়ার প্রত্যয় জাগিয়ে তোলে। একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণই ছিল তাঁদের অভিষ্ট লক্ষ্য।
তারেক রহমান মনে করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদের পতনের প্রেক্ষাপটে আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহুমাত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলেই শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়নের পথ সুগম হবে।
শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক, শিল্পীসহ সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।





