স্টাফ রিপোর্টার, ৩০ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর উত্তরের প্রশাসক মিল্টনসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে জিয়া উদ্যান সাধারণ নেতাকর্মীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পরে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পর্যায়ক্রমে মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শাহাদৎবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী দোয়া, মিলাদ ও স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।





