স্টাফ রিপোর্টার, ১৩ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা : জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এসব অভিযানকে আরও জোরদার ও বেগবান করার পাশাপাশি ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের লক্ষ্যে কোর কমিটি ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ অবিলম্বে চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং এ বিষয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটি সার্বিক বিষয় পর্যালোচনা করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবে।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে এবং দোষীদের কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তাঁর নিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার তাঁর নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
অস্ত্রের লাইসেন্স ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, এতদিন শুধু সামরিক ও বেসামরিক কর্মচারীদের অনুকূলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করা হতো। তবে এখন জাতীয় নির্বাচনের প্রার্থীদের মধ্যে যারা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইবেন, তাদেরও লাইসেন্স প্রদান করা হবে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম বিপিএমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।





