শাপলা চত্বরের হত্যাযজ্ঞ মামলা: দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ

স্টাফ রিপোর্টার | ১৪ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলাম-এর মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু-কে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এই তিন জনকে হাজিরের পর আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার-এর নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান ও শাইখ মাহদী। আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার এবিএম হামিদুল মেজবাহ।

এই মামলার বিষয়ে এর আগে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে বা ঢাকার মধ্যে ৩২ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং কয়েকজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

তিনি জানান, পরদিন ৬ মে নারায়ণগঞ্জ-এ আরও ২০ জন নিহত হন। একই দিন চট্টগ্রাম-এ পাঁচ জন এবং কুমিল্লা-য় একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

সব মিলিয়ে এখন পর্যন্ত ৫৮ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত হয়েছে এবং তাদের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি।

চিফ প্রসিকিউটর আরও বলেন, মামলার তদন্ত কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। তবে তদন্তের স্বার্থে এ মামলার অন্যান্য আসামিদের নাম এখনই প্রকাশ করা সম্ভব নয়।