শিকলমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

‘শিকল ভাঙার জুলাই’ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপনের বক্তব্য

স্টাফ রিপোর্টার | ৬ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে বারবার জনগণের অধিকার ও সৃষ্টিশীল ক্ষমতাকে শিকলবদ্ধ করার অপচেষ্টা রোধে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার, যাতে ভবিষ্যতে আর কেউ জাতিকে শিকল পরাতে না পারে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘শিকল ভাঙার জুলাই’ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদফতর (পিআইডি) প্রকাশনাটি প্রকাশ করে।

তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময়েও দেশে বারবার জনগণের কণ্ঠস্বর ও অধিকারকে দমিয়ে রাখার চেষ্টা হয়েছে। এসব প্রতিবন্ধকতার শিকল ভাঙতে বহুবার রক্ত দিতে হয়েছে, প্রাণ বিসর্জন দিতে হয়েছে এবং দেশের স্বাভাবিক উন্নয়ন ব্যাহত হয়েছে।

তিনি বলেন, অতীতের বিভিন্ন আন্দোলন কেবল অন্যায়ের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবেই সীমাবদ্ধ ছিল। কিন্তু ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিবাদের শিকল ভাঙার পাশাপাশি নতুন রাষ্ট্র গঠনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছিল।

জহির উদ্দিন স্বপন বলেন, রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত সাফল্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পুরোনো রাষ্ট্রীয় কাঠামো যথেষ্ট নয়। এ কারণেই সরকার রাষ্ট্র কাঠামো ও রাজনীতি সংস্কারের উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, অতীতের রাজনৈতিক আন্দোলনগুলোর আগে সুস্পষ্ট রূপরেখা ছিল না। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম বৈশিষ্ট্য ছিল, গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র পরিচালনার লক্ষ্য ও পরিকল্পনা আগেই নির্ধারণ করা হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থে ফ্যাসিবাদের সময় জেল-জুলুম, নির্যাতন এবং আয়নাঘরের ভয় উপেক্ষা করে আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। এটি ভবিষ্যৎ গবেষণা ও ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ জানান, গত ১৭ বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী এবং মামলা ও কারাবরণকারী ব্যক্তিদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও স্মৃতির ভিত্তিতেই ‘শিকল ভাঙার জুলাই’ প্রকাশনাটি প্রস্তুত করা হয়েছে।