শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ শুরু করছে সরকার

প্রথম ধাপে প্রতিটি উপজেলায় দুটি বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে চালু হবে কর্মসূচি


স্টাফ রিপোর্টার | ২২ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

দেশের প্রতিটি উপজেলায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার।

আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভাটি স্কুলে পাটের তৈরি ব্যাগ বিতরণ কার্যক্রম সংক্রান্ত ছিল।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার—এই তিন মন্ত্রণালয়ের বৈঠকে প্রতিটি উপজেলায় দুটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, একটি পরীক্ষামূলক প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হবে।

দেশীয় পাট শিল্পকে রক্ষা এবং পরিবেশ দূষণ কমাতে এই কর্মসূচি নেয়া হয়েছে বলে জানানো হয়।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের বলেন, আগামী জুলাই থেকে প্রতিটি উপজেলায় দুটি করে স্কুলে এই কর্মসূচি শুরু হবে এবং সংশ্লিষ্ট স্কুল নির্বাচন করবে স্থানীয় প্রশাসন।

তিনি জানান, প্রথম মাসে এক লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ব্যাগ ও ড্রেস দেয়া হবে। প্রথম ধাপে প্রতি উপজেলার দুটি স্কুল এই সুবিধা পাবে এবং পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ কার্যক্রমের আওতায় আনা হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য ব্যবহারে উৎসাহিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে দেশীয় শিল্পকে উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সমতা ও ন্যায্যতার বার্তা পৌঁছে দেয়া হবে এবং ধনী-দরিদ্র বৈষম্য কমাতে এটি ভূমিকা রাখবে।