স্টাফ রিপোর্টার | ২১ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের এমনভাবে দায়িত্ব পালন করতে হবে যেন তারা শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো মনে করেন। একইসঙ্গে শিক্ষার্থীদের নৈতিক ও পারিবারিক মূল্যবোধে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মঙ্গলবার রাজধানীর মিরপুরে পিটিআই মিলনায়তনে অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে আরও উন্নত প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
ড. মিলন বলেন, অনেক তরুণ লেখাপড়া থেকে বিচ্যুত হয়ে মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি ও মাদকের দিকে ঝুঁকে পড়ে। এ কারণে প্রধানমন্ত্রী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছেন। শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা ও ক্রীড়াচর্চার মাধ্যমে ইতিবাচক পথে ফিরিয়ে আনতে হবে।
তিনি জানান, সারা দেশে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছে। আগামী ৯ আগস্ট চট্টগ্রাম থেকে প্রধানমন্ত্রী এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সরকার বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ, মিডডে মিলসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। নতুন প্রজন্মের উন্নয়ন ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আগামী দিনে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের দায়িত্ব ও সুযোগ-সুবিধা বাড়ানো হবে। পাশাপাশি বেসরকারি স্কুলও তাদের তদারকির আওতায় আনা হবে।
সভায় প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীর উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন।





