✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

শিক্ষা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী কানাডা

কারিগরি শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের আলোচনা

স্টাফ রিপোর্টার | ২৯ অক্টোবর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে কানাডা। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্র আরও জোরদার ও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অফিস কক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় কানাডা হাইকমিশনের ট্রেড কমিশনার কাজী গুলাম ফরহাদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ক্রস-বর্ডার এডুকেশন, তৃতীয় ভাষা শিক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি এসব ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন পরিকল্পনা কানাডার প্রতিনিধিদলের সামনে উপস্থাপন করেন।

অন্যদিকে, কানাডার হাইকমিশনার অজিত সিং শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে কানাডা সরকারের গভীর আগ্রহের কথা জানান। বিশেষ করে ক্রস-বর্ডার এডুকেশন, তৃতীয় ভাষা শিক্ষা এবং কারিগরি ও ভোকেশনাল শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ-কানাডা সহযোগিতা সম্প্রসারিত হলে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা, কারিগরি দক্ষতা অর্জন এবং দক্ষ মানবসম্পদ তৈরির ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে।