শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে প্রতিশ্রুতি আমিনুল হকের

শিক্ষার পরিবেশ স্বচ্ছ রাখতে গুণগত রাজনৈতিক পরিবর্তনের উদ্যোগ চলছে বলে মন্তব্য বিএনপি নেতা আমিনুল হকের

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১৭ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, আগামীর বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে বিএনপি রাজনীতিতে ‘গুণগত পরিবর্তন’ এনেছে। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের শিক্ষা ও রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের ধারা শুরু করেছেন। “আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে চলুক, সেখানে যেন কোনো রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে,” মন্তব্য করেন তিনি।
আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্লবীর ইসলামিয়া হাই স্কুলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতীতের প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ বছরে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা স্কুলের অনুষ্ঠানে মঞ্চ দখল করে বসে থাকতেন, যেখানে প্রধান শিক্ষক পর্যন্ত অনেক সময় বসার সুযোগ পেতেন না। “আমরা সেই রাজনীতি আর করতে চাই না,” বলেন তিনি। শিক্ষক–শিক্ষিকাদের সর্বোচ্চ সম্মান দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত করা হবে এবং শিক্ষক–শিক্ষিকাদের মর্যাদা বাড়ানো হবে বলে জানান আমিনুল হক। তারেক রহমানের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “আগামীর শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে আরও গুণগত পরিবর্তন আসছে। শিক্ষক–শিক্ষিকারা যাতে গর্ব ও উৎসাহ নিয়ে পেশায় থাকতে পারেন—এটাই আমাদের লক্ষ্য।”
ভোটাধিকার নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, গত ১৫ বছরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণ যেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। “সকালে ঘুম থেকে উঠে, ফ্রেশ হয়ে, নাস্তা খেয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং নিজের প্রার্থীকে ভোট দেবেন,” বলেন আমিনুল হক।
অর্থনৈতিক ও সামাজিক সমতার কথাও তুলে ধরে তিনি আশ্বাস দেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থী যেন ভালো শিক্ষা থেকে বঞ্চিত না হয়। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। “ধানের শীষ প্রতীক জয়ী হলে এলাকার সব সমস্যার সমাধান হবে,” বলেন তিনি।