শিগগিরই তথ্য কমিশন গঠন: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম জানিয়েছেন, শিগগিরই তথ্য কমিশন গঠন করা হবে। ইতোমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিশন গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে।

ছবি সংগৃহীত

Posted by:

on

আজ (রোববার) ঢাকার আগারগাঁওয়ে তথ্য কমিশনের অডিটোরিয়ামে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মাহফুজ আলম বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশন ও গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের আলোকে তথ্য অধিকার আইনের কিছু ধারা সংশোধনের প্রক্রিয়া চলছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনের মতামতও নেওয়া হচ্ছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের লক্ষ্য তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা। এ জন্য প্রযুক্তিগত বৈষম্য কমিয়ে সবার তথ্যপ্রাপ্তি সহজ করা জরুরি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এক বছর ধরে তথ্য কমিশন গঠিত না হওয়ায় বহু আপিল নিষ্পত্তি হচ্ছে না। এতে জনগণের তথ্যপ্রাপ্তি ব্যাহত হচ্ছে। তিনি স্বল্প সময়ের মধ্যে কমিশন গঠনের আহ্বান জানান এবং রাজনৈতিক দল ও ব্যবসাপ্রতিষ্ঠানকে তথ্য অধিকার আইনের আওতায় আনার প্রস্তাব করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য কমিশনের সচিব নূর মো. মাহবুবুল হক। পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।