শিগগিরই শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশে একযোগে কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি; কয়েক দিনের মধ্যেই ঘোষণা হবে চূড়ান্ত তারিখ

স্টাফ রিপোর্টার | ১৬ জুন ২০২৬ | নিউজ চ্যানেল

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সারাদেশে শিগগিরই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে।

মঙ্গলবার রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজে ‘হামের চিকিৎসা পদ্ধতি ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সারাদেশে একযোগে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন চালু হবে। এটি সফলভাবে বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি।”

তিনি আরও বলেন, আগামী তিন থেকে চার দিনের মধ্যে ক্যাম্পেইন শুরুর নির্দিষ্ট তারিখ এবং বিস্তারিত কর্মপরিকল্পনা জানানো হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

সভায় হামের চিকিৎসা ও রোগ ব্যবস্থাপনা বিষয়েও বিশেষজ্ঞরা মতামত তুলে ধরেন।