স্টাফ রিপোর্টার, ৩ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা-০৬ সংসদীয় আসনে (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী –এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগের কমিশনার।
শনিবার (৩ জানুয়ারি) সকালে সেগুনবাগিচায় ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ধানের শীষ প্রতীক নিয়ে তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি আলহামদুলিল্লাহ জানিয়ে বলেন, এদিনের শুনানি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, শুনানি শেষে বিভাগীয় কমিশনার প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি মেনে চলা, নির্ধারিত সময়ের আগে প্রচার-প্রচারণা না করা এবং যত্রতত্র পোস্টার ও ব্যানার না লাগানোর বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হতে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।
নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ইশরাক হোসেন বলেন, বর্তমান নির্বাচনী পরিস্থিতি নিয়ে তিনি যথেষ্ট সন্তুষ্ট। অতীতে প্রশাসনের দলীয় আচরণ লক্ষ্য করা গেলেও এবার সকল প্রার্থীর প্রতি তুলনামূলকভাবে নিরপেক্ষ আচরণ দেখা যাচ্ছে, যা একটি ইতিবাচক পরিবর্তন।
তিনি আশা প্রকাশ করে বলেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে দেশে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। একই সঙ্গে একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচন কমিশন ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।





