‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনে ব্যতিক্রমধর্মী উদ্যোগ

স্টাফ রিপোর্টার | ১৪ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করেছেন ডা. জুবাইদা রহমান। জিয়াউর রহমান ফাউন্ডেশন-এর সহ-সভাপতি ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে তিনি ব্যতিক্রমধর্মী এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধনের আগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষাসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্টল পরিদর্শন করেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কড়াইল বস্তি-তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর-এর মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

এ ছাড়া ‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ-এর ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গোয়াভুয়া, রাজউক-এর চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির প্রমুখ।