শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সিদ্ধান্ত নেবে, ফেব্রুয়ারিতেই নির্বাচন সম্পন্নের আশা সরকারের

তারেক রহমানের দেশে ফেরার তথ্য নেই: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৫ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
রংপুরে চার দিনের সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ সম্পর্কে কোনো তথ্য সরকারের জানা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “তারেক রহমানের দেশে আসার দিনক্ষণের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।”
শেখ হাসিনাকে ফেরত পাঠানো প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিষয়টি ভারত সরকার পর্যালোচনা করে দেখছে। তিনি বলেন,
“আমরা তাদের বারবার বলছি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। তবে তাদের বৈদেশিক হস্তান্তর প্রক্রিয়া কীভাবে কাজ করবে, সেটা তাদের ব্যাপার। আমরা আমাদের সিদ্ধান্তে অনড় আছি।”
চীনের সহায়তায় নীলফামারিতে নির্মাণ হতে যাওয়া হাসপাতালের বিষয়ে তিনি বলেন, এটি পুরো রংপুর অঞ্চলের মানুষের জন্য বিশেষ সেবা নিশ্চিত করবে।
রংপুর অঞ্চলের কর্মসংস্থান ও সমস্যাগুলো গুরুত্বসহকারে দেখা হবে জানিয়ে তিনি বলেন, “ফেব্রুয়ারিতেই নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করা হবে।”
উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য কমাতে সরকার সজাগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, রংপুরকে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের নানা পরিকল্পনা রয়েছে। নির্বাচিত সরকার এ পরিকল্পনাগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন।
চার দিনের সফরে রংপুর ও নীলফামারীর গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।